অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (০১ ফেব্রুয়ারী) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেনারেল ওয়াকার-উজ-জামান এ মন্তব্য করেন।
সভায় চিফ অব আর্মি স্টাফ বলেন, ‘গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য অর্জনে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।’
মতবিনিময় সভায় সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এবং জেলা প্রশাসক ও ময়মনসিংহের রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান।
সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুর রহমান একটি প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক কার্যক্রম তুলে ধরেন। এতে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা পরিকল্পনা, ঝুঁকি চিহ্নিতকরণ, চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ও আন্তঃবিভাগীয় সমন্বয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
রিটার্নিং অফিসার বলেন, ‘নির্বাচন ও গণভোট ঘিরে সম্ভাব্য সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী তার বক্তব্যে বলেন, ‘ময়মনসিংহ বিভাগে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচন আয়োজনের জন্য বিভাগীয় প্রশাসন প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’
মতবিনিময় সভাটি নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসন ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।