কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি অভিযানে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসার এক কমান্ডারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— নলবনিয়া এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র মিজান (৩৫) এবং মনজুর আলমের পুত্র রাকিব (১৮)।
অভিযানকালে তাদের বসতঘর তল্লাশি করে ইয়াবা সেবনের সরঞ্জাম, বাংলা মদসহ দা, চাপাতি, ওয়ার কাটার ও পকেট নাইফসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, বাংলাদেশ–মায়ানমার সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে ইয়াবা পাচারের কাজে এসব সরঞ্জাম ব্যবহৃত হতো।
অপরদিকে, একই দিন সকালে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ (ওয়েস্ট) এলাকার একটি চায়ের দোকান থেকে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসার কমান্ডার জাহিদ হোসেন প্রকাশ লালু (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি ফাইভস্টার পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জাহিদ হোসেন লালু দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। এছাড়া সাবেক আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির নেতৃত্বে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
উখিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সায়মন সিকদার বলেন, পৃথক অভিযানে দেশি ও বিদেশি অস্ত্রসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।