নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে সিলেট-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রার্থীতা বাতিলের আবেদন করেছে সিলেট বিএনপি। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের রিটার্নিং কর্মকর্তার কাছে এ সংক্রান্ত অভিযোগ ও তথ্য উপস্থাপন করেন সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা।
এসময় সিলেট মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, একটি প্রতিষ্ঠানের পক্ষে থেকে নেওয়া ঋণের তথ্য জামায়াত মনোনীত প্রার্থী তার নির্বাচনী হলফনামায় গোপন করেছেন। যা নির্বাচনী আইন ও বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। তথ্য গোপনের অভিযোগের প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
অন্যদিকে একই সময়ে সিলেট-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমীর ফখরুল ইসলাম। সেখানে তিনি বিএনপির উত্থাপিত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।