মোংলায় পরিবেশদূষণ রোধে বিশাল দুইটি নির্বাচনী জনসভা মাঠের ময়লা-আবর্জনা পরিস্কার করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস,এম পলাশ ও সদস্য সচিব ফকির মো. জুয়েলের তত্ত্বাবধানে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে থানার সামনের হেলিপ্যাড ও পেছনের অপর খেলার মাঠটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিবেশ দূষণকারী পলিথিনসহ বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কার করে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
এর আগে সোমবার বিকেলে হেলিপ্যাড মাঠে জামায়াতে ইসলামীর ও থানার পেছনের খেলার মাঠে শেষ নির্বাচনী জনসভা করে বিএনপি। এতে উভয় মাঠই বিভিন্ন ধরণের ময়লা-আবর্জনায় ছেয়ে যায়। পরে বাগেরহাট-৩ আসনের (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত প্রার্থী ও পরিবেশবিদ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দল মাঠের সেসব ময়লা-আবর্জনা পরিস্কারের উদ্যোগ নেয়। আবর্জনায় মাঠ দুইটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছিল।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম পলাশ বলেন, ‘সোমবার এ দুইটি খেলার মাঠের একটি জামায়াত ও আরেকটি বিএনপি নির্বাচনী সমাবেশ করে। পরে রাতে পরিবেশবিদ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আমাদেরকে সেই ময়লা-আবর্জনা পরিষ্কারের দায়িত্ব দেন। এরপর আমরা মঙ্গলবার সকালে সেই ময়লা-আবর্জনা পরিষ্কার করে তা ডাম্পিং করেছি। মাঠে বেশির ভাগই ছিল পরিবেশ দুষণকারী পলিথিন।’