চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুইজন নিহত হন। নিহত দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে বিস্ফোরণে গুরুতর আহত হন মো. বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) ও একই উপজেলার রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)।
আহতদের তাৎক্ষণিকভাবে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, ভোর আনুমানিক ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল। সেখানে তারা ককটেল তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুইজন প্রাণ হারান। নিহতদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়াও বিস্ফোরণে গুরুতর জখম হওয়া তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরও বলেন, চরবাগডাঙ্গায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা আছে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।