সিসিটিভি ফুটেজ ভাইরাল, আতঙ্কে এলাকাবাসী
রাজধানীর দক্ষিণখান থানাধীন চৈতির মোড় এলাকায় প্রকাশ্য দিবালোকে এক যুবদল নেতা ও ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে অপহরণ ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই লোমহর্ষক ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ মে সকাল আনুমানিক ১১টা ২৫ মিনিটে চৈতির মোড়ের ‘সবুজ নীড় টাওয়ার’ সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন ভুক্তভোগী আজাহার ইসলাম অনিক। এ সময় পূর্ব শত্রুতার জেরে জাহিদুল রহমান জয় (৩৩) ও শাহ আলম (৩২) সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা অনিককে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। হামলার একপর্যায়ে অভিযুক্তরা অনিকের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং জোরপূর্বক টেনে ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, জাহিদুল রহমান জয় একটি কালো রঙের পিস্তল অনিকের পেটে ঠেকিয়ে রাখে। শাহ আলম একটি সোনালি রঙের পিস্তল তার গলায় ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা অনিককে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
প্রকাশ্য দিবালোকে এমন দুর্ধর্ষ হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী অনিক বর্তমানে তার পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। এই ঘটনায় তিনি গত ৪ মে দক্ষিণখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দক্ষিণখান থানা পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।