চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ১৩ জন জেলেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের সাতটি ট্রলিং জাল এবং ২ হাজার ১০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে বোটে থাকা ১৩ জন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা ট্রলিং বোট, জাল, মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখবে।