হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ গেটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে বিমানবন্দরের প্রবেশ গেটে দায়িত্ব পালনকালে এপিসি মো. সাইফুল ইসলাম, আনসার সদস্য মো. মিরাজ উদ্দিন এবং বিপুল রায় দেখতে পান, মো. শুভ (২৮) নামে এক ব্যক্তি একজন সহযাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছেন।
ঘটনাটি বুঝতে পেরে দায়িত্বরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করে ঘটনাস্থলেই হাতেনাতে আটক করেন। পরে তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত, অপরাধ প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ পরিবেশ বজায় রাখতে বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বাহিনীর মতে, এ ধরনের তাৎক্ষণিক পদক্ষেপ অপরাধ দমনে তাদের কার্যকর ভূমিকার আরেকটি উদাহরণ।