হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকায় হারানো মূল্যবান ব্যাগ ফিরে পেয়েছেন এক প্রবাসী যাত্রী। অক্ষত অবস্থায় ব্যাগটি ফেরত পেয়ে আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাতে বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় একটি ট্রলিতে পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি দেখতে পান কর্তব্যরত আনসার সদস্য এপিসি মো. জগলুল পাশা। পরে তিনি বিষয়টি ক্যানোপি ইনচার্জ পিসি মো. আলতাফ হোসেন এবং শিফট ইনচার্জ পিসি মো. মোজাম্মেল হোসেনকে জানান।
ব্যাগের প্রকৃত মালিককে খুঁজে বের করতে ক্যানোপি-০২ ও আশপাশের এলাকায় দীর্ঘক্ষণ মাইকিং করেন আনসার সদস্যরা। পরে নারায়ণগঞ্জ থেকে বিমানবন্দরে ফিরে আসেন প্রবাসী যাত্রী মো. মাসুদুজ্জামান তালুকদার।
তার উপস্থিতিতে ব্যাগের ভেতরে থাকা মালামাল যাচাই করা হয়। মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যাংক কার্ড ও প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী মিলিয়ে নিশ্চিত হওয়ার পর ব্যাগটি তার হাতে তুলে দেওয়া হয়।
হারানো ব্যাগ ফিরে পেয়ে আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মাসুদুজ্জামান। তিনি বলেন, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে আনসার সদস্যদের সততা ও দায়িত্বশীলতা প্রশংসনীয়।
কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এমন মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে প্রশংসা বাড়ছে।