জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো প্রদেশে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পরপরই কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। এতে ১ মিটার (৩ দশমিক ২৮ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাপানি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, এরই মধ্যে কিছু এলাকায় এই উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়ে থাকতে পারে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যেতে এবং সরকারি স্থানান্তর নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র দ্রুত মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে জরুরি দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের জীবন রক্ষাকে অগ্রাধিকার দিতে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে জাপান সরকার কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রদেশে জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে।
এর আগে গত ২৫ জুন জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তবে এতে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি জাপান। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর পশ্চিম প্রান্তে চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।
প্রায় ১২ কোটি ৫০ লাখ মানুষের এই দেশে প্রতি বছর শত শত ভূমিকম্প অনুভূত হয়। বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশই জাপানে ঘটে।