কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা ব্যর্থ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ থেকে ৪৫০ কেজি স্ক্র্যাপ মালামাল উদ্ধার করা হয়েছে। বাহিনীর সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে প্রকল্পের ‘মগডেইল’ ডিউটি পোস্ট এলাকায় নিয়মিত টহল চলাকালে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ চোরচক্রকে স্ক্র্যাপ মালামাল চুরির চেষ্টা করতে দেখা যায়।
দায়িত্বরত আনসার সদস্য মো. জমির আলী ও নয়ন দেব তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে চোরচক্রকে ধাওয়া করেন। আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা চুরি করা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ৪০০-৪৫০ কেজি স্ক্র্যাপ মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে সংঘবদ্ধ চোরচক্রের চুরির অপচেষ্টা আগেও ঘটেছে। তবে আনসার সদস্যদের নিয়মিত টহল ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে এসব অপচেষ্টা প্রতিহত করা সম্ভব হচ্ছে। এতে প্রকল্পের গুরুত্বপূর্ণ সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।