বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ৩০.৭৬ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) পর্যন্ত দেশে মোট রিজার্ভ ছিল ৩৫.৩২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩০.৫৮ বিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র দুদিনের ব্যবধানে রিজার্ভে বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
রিজার্ভ বাড়ার প্রধান কারণ হিসেবে টানা তিন মাস রেমিট্যান্সের উচ্চ প্রবাহকে দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা রেকর্ড ৩০২ কোটি ১০ লাখ (৩.০২ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৬ হাজার কোটি টাকারও বেশি। এ নিয়ে টানা তিন মাস রেমিট্যান্স তিন বিলিয়ন ডলারের ঘর ছাড়াল।