অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নীতিনির্ধারণ ও অর্থনৈতিক পূর্বাভাসের বিষয়টি বিবেচনায় রাখছে সরকার। সোমবার (৯ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলরুমে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘সরকার বৈশ্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ও সে অনুযায়ী অর্থনৈতিক কৌশল সমন্বয় করা হচ্ছে। সরকার সংঘাত ও অন্যান্য বৈশ্বিক অস্থিরতার ঝুঁকি সম্পর্কে সচেতন এবং ইতোমধ্যেই এসব বিষয় অর্থনৈতিক পূর্বাভাস ও নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করেছে।’
তিনি বলেন, ‘এটি এমন একটি বাস্তবতা, যা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাই আমরা আমাদের পরিকল্পনা ও পূর্বাভাসে এই বাস্তবতাগুলোকে অন্তর্ভুক্ত করছি। সরকারের ভবিষ্যৎ অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও পূর্বাভাসেও বৈশ্বিক সংঘাত ও ভূরাজনৈতিক পরিস্থিতি থেকে সৃষ্ট অনিশ্চয়তা প্রতিফলিত হবে।’
তিনি যোগ করেন, ‘আমরা ধারাবাহিকভাবে কাজ করছি ও আগামী দিনের অর্থনৈতিক পূর্বাভাসে যুদ্ধসহ আন্তর্জাতিক নানা কারণ থেকে উদ্ভূত বৈশ্বিক সমস্যাগুলো বিবেচনায় নেওয়া হবে।’
তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো অর্থনীতির ওপর সম্ভাব্য চাপ মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে স্থিতিশীলতা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করছে।
এ সময় তিনি অনিশ্চিত বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা বজায় রাখার গুরুত্বও তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, ‘জ্বালানি নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন অংশীদারের সহযোগিতা চাইছি এবং সরবরাহকারী ও সরকারগুলোর সঙ্গে আলোচনা করছি।’