এক কোটি লিটার পরিশোধিত পাম তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি লিটার পাম তেলের দাম ধরা হয়েছে ১৬৩ টাকা ৪৮ পয়সা। এতে খরচ হবে ১৬৩ কোটি ৪৮ লাখ টাকা। ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্নআয়ের এক কোটি পরিবারের কাছে এই তেল বিক্রি করা হবে।
বুধবার (২৫ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই পাম তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
এদিন ক্রয় কমিটির বৈঠকের পর মন্ত্রিসভার বৈঠক থাকায় নিয়মতান্ত্রিকভাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফিং করার কথা থাকলেও তা করেননি। গত বৈঠকটি জুমে তিনি অংশ নেওয়ায় ওই ব্রিফিংটিও হয়নি। পরে অর্থ মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তি দিয়ে ক্রয় কমিটিতে এসব অনুমোদন করার কথা জানানো হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি লিটার পরিশোধিত পাম তেল পাঁচটি লটে কেনার একটি প্রস্তাব করে বাণিজ্য মন্ত্রণালয়।
এই পাম তেল কেনার জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ১৬টি দরপ্রস্তাব জমা পড়ে। সবগুলো প্রস্তাবই টিইসি (দরপত্র মূল্যায়ন কমিটি) কর্তৃক রেসপনসিভ বিবেচিত হয়। দরপ্রস্তাবগুলো যাচাই-বাছাইসহ সব প্রক্রিয়া শেষে টিইসি পাঁচটি লটে সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ১ কোটি লিটার পরিশোধিত পাম তেল ১৬৩ কোটি ৪৮ লাখ টাকায় কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।