নন-লাইফ বীমা খাতে ব্যক্তি বীমা এজেন্টদের লাইসেন্স স্থগিত হওয়ায় কমিশন প্রদান সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) জারিকৃত এক সার্কুলারের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইডিআরএ কর্তৃক জারিকৃত সার্কুলার নং নন-লাইফ-১০৯/২০২৫, তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৫ অনুযায়ী নন-লাইফ বীমাকারীদের আওতাধীন সব ব্যক্তি বীমা এজেন্টের লাইসেন্স স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত তারিখ থেকে কোনো ব্যক্তি বীমা এজেন্টের বৈধ লাইসেন্স কার্যকর না থাকায় তাদের অনুকূলে কোনো ধরনের কমিশন প্রদান করার সুযোগ থাকবে না।
এছাড়া বীমা আইন, ২০১০-এর ধারা ৫৮(১) অনুযায়ী, বীমা এজেন্ট ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কমিশন বা অন্য কোনো নামে পারিশ্রমিক কিংবা পারিতোষিক প্রদান আইনত নিষিদ্ধ বলে উল্লেখ করা হয়।
আইডিআরএ’র নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বীমা আইন ও বিধিমালার আওতায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
এমতাবস্থায় সব নন-লাইফ বীমাকারী প্রতিষ্ঠানকে কমিশন প্রদান নিষিদ্ধ সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃপক্ষ।