ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টি এশিয়ার মধ্যে ৩৫১-৪০০ ব্যান্ডে স্থান পেয়েছে, যা এর আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে ধারাবাহিক একাডেমিক উৎকর্ষতা তুলে ধরেছে। ডিআইইউ এই র্যাঙ্কিংয়ে ৩৮.২২ স্কোর অর্জন করেছে, যা পাঁচটি প্রধান সূচকের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। সূচকগুলো হলো, শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্প খাতের সঙ্গে সংযোগ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি।
এ অর্জনের মাধ্যমে ডিআইইউ তার একাডেমিক মান উন্নয়ন, আন্তর্জাতিক অংশীদারি সম্প্রসারণ এবং উদ্ভাবনভিত্তিক শিক্ষার পরিবেশ তৈরি করার প্রচেষ্টা আরও জোরদার করেছে। বিশ্বমানের মানদণ্ড অনুসরণ করে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও কার্যকর শিক্ষার সুযোগ তৈরি করেছে।
দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উচ্চশিক্ষায় উৎকর্ষতা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে এসেছে। জাতীয় ও বৈশ্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে বিশ্ববিদ্যালয়টি নিরলসভাবে এগিয়ে এসেছে। এ অর্জন ডিআইইউর আন্তর্জাতিক মানদণ্ডে অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।