রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১টি ছাত্র হলে কমিটি ঘোষণা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ রাবি শাখার। সোমবার (৪ মে) রাতে সংগঠনটির রাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিবের স্বাক্ষরে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত তালিকায় প্রতিটি হলে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, আগামী এক বছরের জন্য এই কমিটি কার্যকর থাকবে।
রাবি ক্যাম্পাসে মোট ছেলেদের ১১টি এবং মেয়েদের ছয়টি হল থাকলেও ঘোষিত কমিটি শুধু ছেলেদের হলগুলো নিয়েই করা হয়েছে। এর মধ্যে ২৪-এর গণঅভ্যুত্থানের পর নাম পরিবর্তন হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে বিজয়-২৪ হলে রূপান্তরিত হলেও ঘোষণায় পুরোনো নাম ‘বঙ্গবন্ধু হল’ ব্যবহার করা হয়েছে। ওই হলে তানভির আহমেদকে সভাপতি এবং তামিম হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে।
অন্যান্য হলগুলোর মধ্যে শের-ই বাংলা ফজলুল হক হলে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে শুভ্র দেব সাহা ও মোবাশ্বির রায়হান রাফির নাম রয়েছে। শাহমখদুম হলে এলাহি শেখ ও এহসান আহমেদ আকাশ, নবাব আব্দুল লতিফ হলে মাসুদুর রহমান ও আব্দুল জলিল চৌধুরী, সৈয়দ আমির আলী হলে গোলাম কিবরিয়া ও মশিউর রহমান মিহাদ, শহীদ হবিবুর রহমান হলে রাইসুল ইসলাম আকাশ ও সোহান হাসান, মতিহার হলে ডালিম মির্জা ও আব্দুল্লাহ শোয়াইব, মাদার বখ্স হলে শামীম সিকদার ও ফজলে রাব্বী, জিয়া হলে মাজেদুল ইসলাম মৃদুল ও তানজিল হাসান সুমন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে কামরুল হাসান ও মোস্তাফিজুর রহমান তুষার এবং শহীদ শামসুজ্জোহা হলে রাহাত হাসান খান রাহাত ও আব্দুল্লাহ আল আজমীর নাম উল্লেখ করা হয়েছে।