চলতি অর্থবছরে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ সময় মানবসম্পদ গঠনে সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী বাজেটে শিক্ষাখাতে জিডিপির ৩.৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা চলছে। দেশের মানবসম্পদ উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সমাজের সব স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু জিপিএ-৫ অর্জন নয়, শিক্ষার্থীদের মধ্যে নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও সংস্কৃতিচর্চার বিকাশ ঘটানোও জরুরি। এ লক্ষ্যে কারিকুলাম ও সিলেবাস আরও যুগোপযোগী করা হচ্ছে।
অতীতে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবি করা হলেও তা জিডিপির অনুপাতে সন্তোষজনক ছিল জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলেই শিক্ষাখাতে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন হয়। খাদ্যের বিনিময়ে তিনি শিক্ষা কর্মসূচি দিয়েছিলেন। পরে টাকার বিনিময়ে শিক্ষার কর্মসূচি দিয়েছিলেন। তিনি মেয়েদের উপবৃত্তি দিয়েছিলেন। বিগত বিএনপি সরকারের শাসনামলে শিক্ষা খাতে সবচেয়ে বেশী সুন্দর পরিবেশ বজায় ছিলো।
ডিনস অ্যাওয়ার্ড একটা অর্থবহ পুরস্কার উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হলো শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া। আজকে যারা এ পুরস্কার পেলেন তারা অনুপ্রাণিত হলো। অ্যাকাডেমিক অ্যাক্সিলেন্স থেকে শিক্ষার্থীদের মধ্যে সমাজের জন্য কাজ করার অনুপ্রেরণা হয়ে কাজ করবে এটি।’