বিশ্বকাপে কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা মাঠে যেভাবে আলো ছড়াচ্ছেন, ঠিক তেমনি মাঠের বাইরেও তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। স্পেনের বিপক্ষে সাতটি অসাধারণ সেভ করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের রুখে দেওয়ার পর রাতারাতি বিশ্ব ফুটবলের আলোচনায় উঠে আসেন এই ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক।
তবে তার এক আবেগঘন মন্তব্য ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি এবার আন্তর্জাতিক পর্যায়েও আলোড়ন তুলেছে। ভোজিনহার পারিবারিক ভিসা সংক্রান্ত ইস্যুতে যুক্তরাষ্ট্রের এক ডেমোক্র্যাট নেতা পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও-র কাছে বিষয়টি সুরাহার আহ্বান জানান। এরপরই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, ভোজিনহার মায়ের কোনো ভিসা আবেদন তাদের নথিতে নেই। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের নিকটাত্মীয়দের ক্ষেত্রে ভিসা বন্ড মওকুফের সুযোগ রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, ‘এই ব্যক্তির (ভোজিনহার মা) কোনো ভিসা আবেদন আমাদের রেকর্ডে নেই। বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের পরিবারের সদস্যরা ভিসা বন্ড ছাড়ের সুবিধা পান। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছি।’
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, ভোজিনহার মায়ের বর্তমানে বৈধ পাসপোর্ট নেই এবং তিনি নতুন পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়ায় আছেন। যুক্তরাষ্ট্রের বর্তমান নিয়ম অনুযায়ী, কিছু দেশের নাগরিকদের ক্ষেত্রে ভিসা পেতে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। তবে বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও তাদের নিকটাত্মীয়দের জন্য এই নিয়ম শিথিল করা হয়েছে।
মাঠের পারফরম্যান্সেও ভোজিনহা ইতোমধ্যেই নজর কাড়ছেন। স্পেনের বিপক্ষে তার সাতটি দুর্দান্ত সেভ কেপ ভার্দেকে ঐতিহাসিক ড্র এনে দেয়। মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশটির জন্য এটি ছিল এক অবিশ্বাস্য অর্জন।
এই পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার জনপ্রিয়তাও আকাশছোঁয়া হয়েছে। কয়েক দিনের ব্যবধানে তার ইনস্টাগ্রাম অনুসারী কয়েক লাখ থেকে বেড়ে প্রায় এক কোটি কাছাকাছি পৌঁছে গেছে।
সব মিলিয়ে এখন আলোচনার কেন্দ্রে শুধু তার গোলরক্ষক দক্ষতা নয়, বরং তার পরিবারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন। আগামী রোববার উরুগুয়ের বিপক্ষে কেপ ভার্দের গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচে গ্যালারিতে ভোজিনহার মাকে দেখা যাবে কি না, সেটিই এখন ফুটবল বিশ্বে নতুন কৌতূহল।