শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সারাদেশে এবার অভিন্ন প্রশ্নে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক উন্নতির পাশাপাশি তাদের জন্য নৈতিক শিক্ষাব্যবস্থা করা হয়েছে। প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে নামমাত্র, কোচিং সেন্টারে যাওয়ার মতো কোনো ভর্তি পরীক্ষা হবে না।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা বিকাশে আয়োজিত স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রামের ফাইনাল আগামী ২৯ জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী ২০ জুন (শনিবার) ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ওইদিন প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করবেন।
দেশের শিক্ষার্থীরা আনন্দময় শিক্ষার মধ্য দিয়ে বড় হবে এবং শিক্ষাঙ্গনকে এগিয়ে নিতে সরকার অনেক কার্যক্রম হাতে নিয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, সরকার সুনাগরিক গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় নতুন উদ্যোগ নিয়েছে। সার্টিফিকেটনির্ভর শিক্ষা নয়, বাস্তবজীবনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষাব্যবস্থা প্রচলন করতে চায় সরকার বলেও জানান তিনি।
তিনি জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার বিকাশে বিভিন্ন কর্মসূচি চালু করা হয়েছে। এর অংশ হিসেবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কার্যক্রম প্রাথমিকভাবে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও সম্প্রসারণ করা হবে।
এছাড়া দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গণিত ও বিজ্ঞান ল্যাব স্থাপন এবং শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান সংশ্লিষ্টরা।