বাংলাদেশ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৬ আগস্ট) থেকে শুরু হয়েছে। ইউনিভার্সিটির মোহাম্মদপুরের আদাবরস্থ স্থায়ী ক্যাম্পাসে সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ মাহবুবুল হক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ইকোনমিক্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ‘ল’ অনুষদের ডিন অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সাদিক ইকবাল, সোশিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. এম. এম. এনামুল আজিজ, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আবু ইছা গাজী, ইইই বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ খালিদ হোসেন, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান শেখ ইতমাম সউদসহ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের ভর্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবেন। এছাড়া মেলা চলাকালীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্যসহ যুগোপযোগী শিক্ষার দিকনির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য, মেলা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ফল সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি ফলাফলের উপর সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ১০০% কোর্স ফি মওকুফ ছাড়াও মেলায় অতিরিক্ত ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে বিকেল ৪টা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী ২১ আগস্ট শুক্রবার।