গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা বোর্ডের পরীক্ষার্থীদের পরীক্ষার জন্য নতুন দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ আগস্ট সকাল ১০টা থেকে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।
পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা নিবন্ধনের মাধ্যমে এ বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
এর আগে, অতিবৃষ্টি ও জলাদ্ধতার কারণে গত ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনর্নিবন্ধনের সুযোগ দেওয়া হয়।
এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। পরীক্ষা শুরুর পর বন্যা, ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। কিন্তু ওই সময় একই কারণে দেশের অন্যান্য অঞ্চলের ১৩ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের দাবি ওঠে।
দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভও চলে। এর মধ্যে একদল আন্দোলনকারী সংসদে এলাকায় প্রবেশ করতে গিয়ে পুলিশের লাঠিপেটার মুখেও পড়েন।
তবে সরকার চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্য শিক্ষা বোর্ডগুলোতে ১৩ জুলাইয়ের পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত জানায়। এরপরও আন্দোলনে থাকা অনেক শিক্ষার্থী ওই দিনের পরীক্ষায় অংশ নেননি। তাদের জন্যই এখন বিশেষ পরীক্ষার আয়োজন করেছে ঢাকা শিক্ষা বোর্ড।