জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের স্থগিত হওয়া একটি পরীক্ষার নতুন সময়সূচি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে স্থগিত হওয়া ওই পরীক্ষার কোনো নতুন সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়েছে, ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের নতুন সিলেবাসের ‘ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক’ বিষয়ের (পত্র কোড: ২১২১০৯) স্থগিত পরীক্ষার সময়সূচি নামে ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে একটি বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে, যা সম্পূর্ণ ফেক।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ওই পরীক্ষার পরিবর্তিত তারিখ এখনো ঘোষণা করা হয়নি। নতুন তারিখ নির্ধারণ করা হলে তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এ কারণে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ওপর নির্ভর না করে শুধু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।