রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, 'শিক্ষা আজ একটা ব্যবসা। যাদের পয়সা আছে তারাই শিক্ষা, বিশেষ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে তা হতে পারে না। আমাদের এমন শিক্ষার পরিকল্পনা করতে হবে যাতে করে আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হই, আমাদের মূল্যবোধ বিকশিত হয়।'
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত 'বাংলাদেশের উচ্চশিক্ষা: জুলাই ২৪ পরবর্তী ভাবনা' শীর্ষক সেমিনারেন এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, 'শিক্ষার সাথে রুটি রুজির সম্পর্ক বেশি দিনের নয়। শিক্ষার সাথে রুটি রুজির সম্পর্ক ও ইউরোপের শিল্প বিপ্লব ঘনিষ্ঠ ভাবে সম্পৃক্ত। যখন বাজার তৈরি হলো, বাজারে দক্ষ মানুষের প্রয়োজন পড়লো তখন এসব শুরু হয়েছে। তারপর চাহিদা সামনে রেখে দক্ষ জনশক্তি তৈরির উদ্দেশ্যে শিক্ষক নিয়োগ দেওয়া শুরু হলো। এবং এটা আধুনিকায়নের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল। যারা এটা মানি নি, ইতিহাসে তাকালে আমরা দেখতে পাই তারা বিশ্ব থেকে পিছিয়ে গেছে। সুতরাং আবিষ্কার, বিশ্বায়ন ও শিক্ষা অতঃপ্রত ভাবে জড়িত।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব এতদূর এগিয়ে গেলেও আমরা পিছিয়ে আছি কারণ আমরা শিক্ষা জিনিসটা বোঝিও নি এবং আমাদের মাঝে অভাব আছে। একই সাথে শিক্ষা ব্যবসা তো আছেই। আমাদের শিক্ষা ব্যবস্থা সেই পূর্বের মতোই আছে। নতুন কিছু এখানে নায়। যার জন্য বর্তমান বিশ্বের সাথে তাল মিলাতে পারছি না।’
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা. জাওয়াদুল হক বলেন, 'প্রাথমিক শিক্ষা ব্যবস্থার পাঠ্যবই ও কারিকুলাম এমনভাবে প্রণয়ন করতে হবে, যাতে শিশুরা ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জন করতে পারে। আমাদের সময়ে পাঠ্যবইয়ে থাকা কিছু গল্পের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত আচরণ শেখানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন সময় এসেছে সেই ধারা থেকে বেরিয়ে এসে নৈতিক শিক্ষাভিত্তিক গল্প ও বিষয়বস্তু অন্তর্ভুক্ত করার। একই সঙ্গে সমাজে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অনিয়ম ও অবক্ষয় একদিনে সৃষ্টি হয়নি। সিস্টেমের দুর্বলতার কারণেই মানুষ ভুল পথে পরিচালিত হয়। মানুষের মধ্যে ভালো- মন্দ উভয় প্রবণতাই থাকে, তবে কার্যকর সিস্টেমই নির্ধারণ করে সে কোন পথে যাবে। তাই আগামী প্রজন্মকে সঠিক পথে নিতে হলে শিক্ষাব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোয় মৌলিক পরিবর্তন আনতে হবে।’
সেমিনারে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক অধ্যাপক মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিবের সঞ্চালনায় এবং উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার প্রমুখ।