চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের শিক্ষক, কর্মকতা, কর্মচারীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা শিক্ষকেরা এই মানববন্ধনের সঙ্গে একাত্মতা পোষণ করছি। অতি শিগগিরই নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে।’
প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ড. মুমিন বলেন, ‘সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোর দিকে তাকালে দেখা যায়, আমরা দীর্ঘদিন যাবত তীব্রভাবে বঞ্চিত। অন্তর্বর্তী সরকারের অনেক ভালো কাজ আছে, কিন্তু এই জায়গায় তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সারাবিশ্বে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য স্বতন্ত্র পে স্কেল আছে কিন্তু আফসোস আমাদের জন্য তা নেই, এমনকি ২০১৫ সালের পর পে স্কেল বাড়ানো হয়নি। আপনারা ভাল করে জানেন, ১১ বছর আগের পে-স্কেল আজকের বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
চবি অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ বলেন, ‘কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় করে আমরা গতকাল দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। আজকে মানববন্ধন ও মিছিল করেছি। আগামীকাল আমরা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১০টা থেকে এক ঘন্টা কর্মবিরতি পালন করবো।’