আমেরিকান পপতারকা রিহানার বেভারলি হিলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ৮ মার্চ দুপুরে তার বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন এক নারী। ঘটনাস্থল থেকে একটি অস্ত্রও উদ্ধার ও এক নারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার দুপুর ১টা ২১ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। রিহানার বাড়ির গেটের রাস্তায় পার্কিং করা একটি গাড়ি থেকে প্রায় ১০টি গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি রিহানার বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়।
খবর পেয়ে পুলিশ দ্রæত সেখানে পৌছায় এবং ৩০ বছর বয়সী সন্দেহভাজন এক নারীকে আটক করে। বর্তমানে বিষয়টি তদন্ত করছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।
লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, গুলিবর্ষণের সময় রিহানা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। সৌভাগ্যবশত তার কোনো ক্ষতি হয়নি এবং তিনি সম্পূর্ণ নিরাপদে আছেন।