দুই বাংলার দুই জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমস ও রুপম ইসলাম এবার এক মঞ্চে গান গাইবেন। এটা বাংলা গানের শ্রোতাদের জন্য দারুণ এক সংবাদ।
আগামী ১২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টার মঞ্চে তাদের গাইতে দেখা যাবে।
তাদের সঙ্গে থাকবে নিজ নিজ ব্যান্ড নগর বাউল এবং ফসিলস-এর সদস্যরা। তাই এটি শুধুই একটি কনসার্ট নয়; বরং বাংলা রকের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ ইভেন্ট হতে চলেছে। যেখানে আমাদের কৈশোর, প্রেম, বিদ্রোহ, সবকিছুর অংশ হয়ে থাকা গানগুলো আবার জীবন্ত হয়ে উঠবে।
অস্ট্রেলিয়া সফর নিয়ে জেমস ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, অস্ট্রেলিয়ার কনসার্টের বিষয়ে আয়োজকদের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। যদিও কনসার্ট হতে এখন অনেক দেরি, তাই এখনই এ বিষয়ে বেশি কিছু বলার নেই। তবে এটুকু বলা যায়, তারা যেভাবে পরিকল্পনা সাজিয়েছে, তাতে আশা করা হয় বর্ণাঢ্য একটি আয়োজন হবে বলেই আশা করছি আমরা।
শিল্পী রূপম ইসলাম এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন তার বই ‘বাঘ ব্রহ্ম খেলা’র প্রচারণা নিয়ে। পাশাপাশি তার ব্যান্ড ফসিলসের বিভিন্ন আয়োজনে অংশ নিতে দেখা যাচ্ছে।
কনসার্টের বাইরে বেশ কিছু নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে জেমসের।