জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ প্রবাস জীবনে যাওয়ার আগে নিয়মিতই নাটকে অভিনয় করতেন। তবে দেশে না থাকার কারণে গত কয়েক বছর ধরে তাকে নাটকে অভিনয়ে দেখা যাচ্ছিল না।
সম্প্রতি একটি নতুন নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরলেন তৌকীর আহমেদ। নাটকটির নাম ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’। এটির নাট্যকারও তৌকীর আহমেদ। আর পরিচালনা করেছেন আরিফ খান। এটি আগামী ঈদে একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
এতে অভিনয় প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘আমরা তো সাধারণত ঈদে একটু আনন্দ-উৎসবের গল্পই পছন্দ করি। আমি এই কাহিনীটি লেখার সময় ভেবেছিলাম একটু ভিন্ন ধরণের কিছু লেখা যায় কি না সেটা চেষ্টা করে যাক। কাহিনিটিতে জীবনের নানা সময়ের, বাঁকের গল্প উঠে এসেছে। ’
এতে আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন, দীপা খন্দকার, জাকিয়া বারী মমসহ অনেকে।