বাংলাদেশের সংগীতাঙ্গনের গানের পাখি সাবিনা ইয়াসমিন সংগীতের জন্য আবারও সম্মাননা পাচ্ছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ড-এর ৫ম আসরের জমকালো রাতে অনুষ্ঠানের আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলা গানের কিংবদন্তি সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরস্কার যে কোন শিল্পীর জন্য ভীষণ অনুপ্রেরণাদায়ক। আমার সৌভাগ্য যে, সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালি দর্শক শ্রোতার আকুণ্ঠ ভালোবাসার পাশাপাশি দেশ-বিদেশের বহু পুরস্কার লাভ করেছি। তারপরও বলব, বাইফা আজীবন সম্মাননা আমার কাছে স্পেশ্যাল। ’
আগামী ৮ মে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাইফা- সিজন-৫ এর জমকালো আসর। গান, নাচ, ফ্যাশন, নাটক, ওটিটি ও চলচ্চিত্রের সেরা শিল্পীদের পুরস্কার প্রদাণ করা হবে এই অ্যাওয়ার্ড আসরে। এছাড়া রয়েছে জনপ্রিয় তারকাদেও অংশগ্রহনে নানা ধরনের পারফর্মেন্স।
এবার সাবিনা ইয়াসমিন ছাড়াও আজীবন সম্মাননায় ভূষিত হবেন ঢালিউডের কালজয়ী অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা।