আবু হায়াত মাহমুদ পরিচালিত এবং শাকিব খান অভিনীত গত ঈদের আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ এবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হলো।
চলচ্চিত্রটির সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিতহওয়া গেছে।
স্থগিতাদেশে বলা হয়েছে, চলচ্চিত্রটির সঙ্গে সার্টিফিকেশনবিহীন গান ও দৃশ্য সংযোজন করে প্রদর্শন করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয়, সার্টিফিকেটপ্রাপ্ত কপিতে ধূমপান ও মাদক সেবনের সতর্ক বার্তা টেম্পারিং করে মুদ্রণযোগ্য ফন্টে প্রদর্শনের অভিযোগও রয়েছে। এসব কারণে বোর্ড ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ নামের পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ (এলএল নং ১০/২০২৬, তারিখ: ১৬-০৩-২০২৬) স্থগিত করেছে।
অভিযোগে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়, একক গান ‘তোমাকে ছাড়া’ সিরিজের গান এবং ভারতের একটি মরুভ‚মিতে রামদা দিয়ে নির্বিচারে মানুষকে কুপিয়ে হত্যা করার বীভৎস দৃশ্য প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি, বোর্ড কর্তৃক পূর্বে কর্তনকৃত দৃশ্যÑচাপাতি দিয়ে একজনের হাত কর্তন, গলার রগ কেটে ফেলার দৃশ্য এবং মেয়েদের অশালীন ও অরুচিকর পোশাক ও অঙ্গভঙ্গির দৃশ্য পুনরায় সংযোজন করায় এই স্থগিতাদেশের মূল কারণ।
এ প্রসঙ্গে নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, তিনি এখনও অফিসিয়ালি অবগত নন বিষয়টি নিয়ে। তবে প্রায় দুই সপ্তাহ আগে সেন্সর বোর্ড থেকে একটি নোটিশ পেয়েছিলেন তিনি। সেই পরিপ্রেক্ষিতে তিন কর্মদিবসের মধ্যে যথাযথ জবাবও দেওয়া হয়েছে।
নির্মাতা আরও জানান, স্থগিতাদেশের নোটিশ হাতে পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি।
আবু হায়াত মাহমুদ পরিচালিত এবং শিরিন সুলতানা প্রযোজিত এই চলচ্চিত্রটি গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে মুক্তি পায়।