লিওনেল মেসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন ক্রীড়া সাংবাদিক পিয়ার্স মরগান। নিজের সর্বকালের সেরা ফুটবল একাদশ প্রকাশ করেছেন এই ব্রিটিশ উপস্থাপক, আর সেখানে জায়গা হয়নি আর্জেন্টাইন মহাতারকার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা সেই দলে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়েগো ম্যারাডোনা, জিনেদিন জিদান, রোনালদিনহো ও রোনালদো নাজারিওদের মতো কিংবদন্তিরা। তবে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে মেসির অনুপস্থিতি।
সমালোচনা শুরু হলে নিজের অবস্থান আরও পরিষ্কার করেন মরগান। তিনি বলেন, ‘এটা মোটেও অবাক হওয়ার মতো কিছু নয়। মেসি আর্জেন্টিনার ইতিহাসের সেরা খেলোয়াড়ও নন। আমার সর্বকালের সেরা একাদশ তাকে ছাড়াই পরিপূর্ণ।’
মেসিকে নিয়ে এমন মন্তব্য অবশ্য নতুন নয় মরগানের জন্য। অতীতেও বহুবার তিনি ক্রিস্টিয়ানো রোনালদোকেই সর্বকালের সেরা ফুটবলার বলে দাবি করেছেন।

তবে এবার তার মন্তব্য সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক তৈরি করেছে। অনেকের মতে, ফুটবল ইতিহাসের অন্যতম সফল ও প্রভাবশালী খেলোয়াড়কে বাদ দেওয়া ব্যক্তিগত পক্ষপাতেরই প্রতিফলন। আবার কেউ কেউ বলছেন, সর্বকালের সেরা একাদশ পুরোপুরি ব্যক্তিগত পছন্দের বিষয়, তাই মতভেদ থাকতেই পারে।