ঢালিউডে গত কিছুদিন ধরেই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের একটি সিনেমা নিয়ে বিতর্ক তুঙ্গে। এটি পরিচালনা করেছেন অভিনেতা হাসান জাহাঙ্গীর। সব অভিযোগ মুলত তার দিকেই।
আগামী সপ্তাহে মুক্তির কথা রয়েছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটির। তবে মুক্তির আগে ছবিটিকে নিয়ে বিতর্ক যেন থামছেই না।
এটি নিয়ে কদিন আগেই অভিযোগ করেছেন চিত্রনায়িকা মৌসুমী। মৌসুমীর পর ছবিটি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত। সিনেমার পোস্টারে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে জেবা জান্নাতকেও দেখা গেছে। কিন্তু এ বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না বলে জানিয়েছেন। এমনকি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো সিনেমা কিংবা নাটকে তিনি অভিনয়ই করেননি বলেও জানান।
চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনে লিখিত অভিযোগ করেছেন জেবা জান্নাত। এখন পর্যন্ত এই জটিলতার কোনো সমাধান হয়নি বলে জানান জেবা জান্নাত।
এবার কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে অভিযোগ করেছেন অভিনেতা সিয়াম মৃধা। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এই সিরিয়ালের বিভিন্ন আর্টিস্টদের এক্সট্রা সিকোয়েন্স কেটে সিনেমায় ব্যবহার করা হয়েছে। অথচ কোনো আর্টিস্টই জানত না যে, তারা সিনেমার জন্য কাজ করছে। সবাই সিরিয়ালের কাজ ভেবেই শুটিং করেছে।’
এই সব অভিযোগের বিষয়ে নাগরিক প্রতিদিন থেকে হাসান জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ জেবা জান্নাত তো নিষিদ্ধ অভিনেত্রী। তিনি যে কোনোভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্যই অভিযোগ করছেন। আমি মনে করি সিনেমা মুক্তির আগে তৃতীয় একটি পক্ষ থেকে আমার বিরুদ্ধে এই সব কাজ পরিচালনা করা হচ্ছে। সিনেমা মুক্তি ছাড়া আমার মাথায় আর অন্য কোনো চিন্তা আপাতত নাই। আর যারা অভিযোগ করছেন আমার বিরুদ্ধে, তাদের নিয়ে কথা বলার কোনো ইচ্ছাও আমার নাই।’
প্রসঙ্গত, আগামী ১৫ মে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।