বাংলাদেশের সংগীতাঙ্গনে ১৯৯৯ সালে যাত্রা শুরু করেছিল বর্তমান সময়ের জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস। সফলতার সঙ্গে ব্যান্ডটি এরইমধ্যে ২৫ বছর অতিক্রম করেছে।
এই মাইলফলক উদযাপন করতে বিশেষ কনসার্টের আয়োজন করেছে ব্যান্ডটি। ‘এত দিনের পরেও যে’ শিরোনামের এই একক কনসার্টে থাকছে নস্টালজিয়া, পুরনো গান এবং স্মৃতির ঝাঁপি।
২২ মে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। আয়োজনে ব্যান্ডটির বর্তমান সদস্যদের পাশাপাশি পুরোনো সদস্যরাও মঞ্চে থাকবেন বলে জানা গেছে।
এ আয়োজনে অতিথি শিল্পীরাও গান পরিবেশন করবেন বলে জানা গেছে। সব মিলিয়ে কনসার্টটি দর্শকদের জন্য একটি স্মরণীয় সন্ধ্যা হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
২০০৫ সালে তাদের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’ প্রকাশের মাধ্যমে নেমেসিস ব্যান্ডটি ব্যাপক পরিচিতি লাভ কওে শ্রোতাদের কাছে।
পরবর্তীতে ‘তৃতীয় যাত্রা’, ‘গণজোয়ার’ ও ‘ভিআইপি’সহ একাধিক জনপ্রিয় অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের মধ্যে শক্ত অবস্থান তৈরি করে ব্যান্ড দলটি।