বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খান আবারও নিজের ব্যক্তিগত অনুভূতি নিয়ে জনসমক্ষে খোলামেলা কথা বলেছেন। তিনি জানিয়েছেন, কোনো সিনেমা দর্শকদের কাছে গ্রহণযোগ্য না হলে তিনি গভীরভাবে ভেঙে পড়েন। এমনকি কয়েক মাস পর্যন্ত মানসিকভাবে হতাশার মধ্যেও থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, একটি সিনেমা আমার কাছে সন্তানের মতো। যখন সেটি ব্যর্থ হয়, তখন মনে হয় যেন নিজের সন্তানকে হারিয়েছি।
এই মন্তব্য এসেছে তার ছেলে জুনায়েদ খানের নতুন সিনেমা ‘এক দিন’ প্রত্যাশামতো সাফল্য না পাওয়ার পর। সাক্ষাৎকারে আমির বলেন, দর্শক কখনো ইচ্ছে করে খারাপ সিনেমা দেখতে যান না। তারা টিকিট কেটে হলে আসেন ভালো সময় কাটানোর জন্য। যদি তারা হতাশ হয়ে বের হন, তাহলে ভুলটা নির্মাতাদেরই।
আমির জানান, কোনো সিনেমা ব্যর্থ হলে তিনি দুই থেকে তিন মাসের মতো মানসিকভাবে খুব খারাপ অবস্থার মধ্যে থাকেন। তবে তিনি এটাও বিশ্বাস করেন যে, ব্যর্থতার শোককে সময় দেওয়া দরকার। তার ভাষায়, ‘কাঁদতে হবে, ভেঙে পড়তে হবে, তারপর সেখান থেকে বের হয়ে আসতে হবে।’
বলিউডে দীর্ঘ ক্যারিয়ারে আমির খানকে বরাবরই নিখুঁত কাজের জন্য পরিচিত মনে করা হয়। কিন্তু তার জীবনেও ব্যর্থতা এসেছে। ‘থাগস অব হিন্দুস্তান’, ‘লাল সিং চাড্ডা’ কিংবা নব্বই দশকের কিছু সিনেমা প্রত্যাশামতো সফল হয়নি। এর আগেও তিনি স্বীকার করেছিলেন, লাল সিং চাড্ডা ব্যর্থ হওয়ার পর তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। পরে নিজের দল নিয়ে বসে ভুলগুলো বিশ্লেষণ করেন।
একই সাক্ষাৎকারে আমির আরও বলেন, শুটিংয়ের সময় কখনো কখনো তিনি বুঝতে পারেন কোনো সিনেমা ঠিকভাবে কাজ করবে না। তবে তিনি নিজেকে কখনো মিথ্যা সান্ত্বনা দেন না। প্রথম সম্পাদিত সংস্করণ দেখেই যদি কিছু ভুল মনে হয়, তাহলে সেটি বদলানোর চেষ্টা করেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘দিল্লি বেলি’ ছবির প্রথম সংস্করণ দেখে কেউই সন্তুষ্ট ছিলেন না। পরে সেটি নতুনভাবে তৈরি করা হয়।
সাম্প্রতিক সময়ে আমির খান নিজের কাজ, অভিনয় এবং সিনেমা বাছাই নিয়ে ধারাবাহিকভাবে আত্মসমালোচনামূলক মন্তব্য করছেন। কয়েক দিন আগে তিনি বলেছিলেন, অন্যের সিনেমার প্রদর্শনীতে যেতে তিনি ভয় পান, কারণ খারাপ লাগলে মুখে সেটা লুকাতে পারেন না।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, আমির খানের এই খোলামেলা স্বীকারোক্তি বলিউডের বাস্তবতাকেই সামনে এনেছে। কারণ বড় তারকাদের জীবন বাইরে থেকে ঝলমলে মনে হলেও একটি সিনেমা ব্যর্থ হলে তাদের ওপর মানসিক চাপ অনেক বেশি পড়ে। বিশেষ করে আমিরের মতো অভিনেতারা বছরের পর বছর সময় দিয়ে একটি সিনেমা তৈরি করেন। ফলে সেটি ব্যর্থ হলে ব্যক্তিগত আঘাত হিসেবেই নেন তারা।
আমির খান এখন নতুন কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত। তার প্রযোজনায় তৈরি ‘বাটোয়ারা ১৯৪৭’ আগামী আগস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাশাপাশি তিনি নতুন এক গুপ্তচরধর্মী হাস্যরসাত্মক সিনেমার কাজও করছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
সূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া