সম্প্রতি রাজধানীর পল্লবীতে শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ডের পর বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকারাও শোকাচ্ছন্ন। এই হত্যার দ্রুত বিচারের দাবীতে সরব হয়ে উঠেছেন বিনোদন তারকারাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই জঘন্য হত্যার দৃষ্টান্তমুলক বিচারের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তারকাদের এই প্রতিবাদ দিয়ে প্রতিবেদনটি তৈরী করা হয়েছে।
কনকচাঁপা ( সংগীত শিল্পী) : ধর্ষণকারী ধরা পড়ার পর এবং অপরাধ স্বীকার করার পরও তার শাস্তি দিতে দেরি হবে কেন?
রাষ্ট্রের কাছে চাওয়া একটাই, জনসমক্ষে বিচার চাই। লোকালয়ে বিচার চাই, যাতে অপরাধীরা ভয় পায়।
কাজী মারুফ (চিত্রনায়ক) : ধর্ষণকারীর বিচার হবে ধর্ষণের শিকার যে, তার জানাজার আগে। এমন বিচার হবে যে, এসব নিকৃষ্ট অসুস্থ মস্তিষ্কের অপরাধীরা অপরাধ করার চিন্তা স্বপ্নেও ভাবতে পারবে না।
মাসুমা রহমান নাবিলা ( অভিনেত্রী) : আর কোনো কথাতো বেরোয় না আমার। কী বলবো? কী বললে, কী করলে নিরাপদে থাকবে আমাদের শিশুরা? কেন মানুষ রূপে জন্ম নিয়েও সকলে হিংস্র প্রাণী হয়ে যাচ্ছে? সভ্য সমাজ বলতে কি আর কিছু আছে? কোথায় এর শেষ হবে? শেষ কি আছে এর কোনো? কোথায় যাবো? কি করবো? এতো অসহায় লাগে..এতো অসহায় লাগে।
পিয়া জান্নাতুল ( মডেল, অভিনেত্রী ও আইনজীবী) : শুধু আইন দিয়ে এই অপরাধগুলো কমানো সম্ভব না। অবশ্যই আমরা দ্রæত বিচার চাই। পাশাপাশি এমন অপরাধ কেন বেড়ে চলেছে সেটি নিয়ে আমাদের ভাবতে হবে।
তমা মির্জা (চিত্রনায়িকা) : রামিসা আমার বোন, আপনার বোন। আমাদের বোনের নৃশংস হত্যাকারীর বিচার চাই।
ইরফান সাজ্জাদ ( অভিনেতা) : সম্ভবত এই মুহূর্তে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়ে শিশুদের জন্য সবচেয়ে বিপদজনক দেশ হলো বাংলাদেশ। শুধু গ্রেপ্তার করে সান্তনা দিবেন আর বিচারের কোনো নাম নাই, এই সার্কাস আর কতদিন?