থাকছে আড্ডা, সংগীত ও তারকাদের মিলনমেলা
ঈদুল আজহা উপলক্ষে নাটক ও সিনেমার পাশাপাশি দেশের টেলিভিশন চ্যানেলগুলো সাজিয়েছে বৈচিত্র্যময় ম্যাগাজিন অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও বিশেষ আড্ডার আয়োজন। ঈদের দিন থেকে শুরু করে পুরো সপ্তাহজুড়ে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে তারকাসমৃদ্ধ অনুষ্ঠান, রম্য বিতর্ক, নৃত্যানুষ্ঠান, সংগীত পরিবেশনা ও বিশেষ টক শো।
এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে রম্য বিতর্ক অনুষ্ঠান ‘আমিই সেরা পাত্র’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মৌসুমী মৌ, অতিথি হিসেবে থাকবেন কেয়া পায়েল। এছাড়া ঈদের দ্বিতীয় দিন একই সময়ে থাকছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’।
ঈদের দ্বিতীয় দিন বিকেল ৪টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে থাকছে বিশেষ আয়োজন ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটির চিত্রায়ণ হয়েছে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। কৃষিজীবন, গ্রামীণ সংস্কৃতি ও ঈদ আনন্দের সমন্বয়ে নির্মিত এ অনুষ্ঠান দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠতে পারে।
এনটিভি ঈদের চার দিনে চারটি ভিন্ন নৃত্যানুষ্ঠান নিয়ে আসছে দর্শকদের জন্য। ঈদের দিন রাত ১২টা ২০ মিনিটে ‘চৈতালী হাওয়া’, দ্বিতীয় দিন ‘লাল সবুজের দোলা’, তৃতীয় দিন ‘নীল প্রজাপতি’ এবং চতুর্থ দিন প্রচার হবে ‘মন মহুয়ার তালে’।
আরটিভি এবার সাজিয়েছে সপ্তাহজুড়ে নানা বিনোদনধর্মী অনুষ্ঠানমালা। প্রতিদিন সকাল ৭টায় প্রচার হবে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ‘ঈদ আনন্দ আড্ডা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অলিভ আহমেদ। বিভিন্ন দিনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিলা হোসেন, ইপ্সিতা শবনম শ্রাবন্তী, ইবরার টিপু, বিন্দু কণা, টিনা রাসেল, ইশরাত মারিয়া, সৌরভসহ আরও অনেকে।
এছাড়া ঈদের দিন থেকে টানা সাত দিন প্রতিদিন সন্ধ্যা ৬টায় থাকছে ইমতু রাতিশের উপস্থাপনায় ‘ঈদ কার্নিভাল’। একই চ্যানেলে ঈদের দিন বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে সংগীতনির্ভর আয়োজন ‘স্টুডিও বাংলার গায়েন’। এতে গান পরিবেশন করবেন রাবেয়া সেতু ও মিম, রাসেল ও নিশি, শাহরিয়া ও রিমি, জেসি ও বাঁধন মোদক, লাবণী ও সুমন।
ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৭টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘রাঙা সকাল’। প্রতিদিনের আয়োজনে অতিথি হিসেবে থাকবেন অভিনয়শিল্পী, সংগীতশিল্পী ও বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখ। ঈদের দ্বিতীয় দিন থাকছেন দিলারা জামান, তৃতীয় দিন পান্থ কানাই ও ঝিলিক, চতুর্থ দিন রাজা বশির ও হুমায়রা বশির, আর সপ্তম দিনের আয়োজনে অংশ নেবেন রোজী সিদ্দিকী ও গায়ক এনামুল হক মধু।
নাগরিক টেলিভিশনে প্রচার হবে তারকাকেন্দ্রিক আড্ডা অনুষ্ঠান ‘তারায় তারায়’। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টায় শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন নাজিফা তুষি, জান্নাতুল পিয়া, মুমতাহিনা টয়া ও শরাফ আহমেদ জীবনসহ জনপ্রিয় তারকারা।
বর্ণিল এসব আয়োজনের মধ্য দিয়ে এবারের ঈদে ছোট পর্দায় দর্শকদের জন্য থাকছে সংগীত, আড্ডা, নৃত্য ও তারকাদের প্রাণবন্ত উপস্থিতিতে ভরপুর এক উৎসবমুখর বিনোদন আয়োজন।