জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকা প্রকাশ হয়েছে সম্প্রতি। আর সেই নতুন প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি চিত্রনায়িকা শবনম।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফল প্রকাশের পর কয়েকটি বিভাগে বিচারকদের সুপারিশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্য বিভাগ নিয়ে বিতর্ক তৈরি হলে বিষয়টি পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়। পরে জুরিবোর্ড সদস্যদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণের মাধ্যমে তালিকা সংশোধন করা হয়।
শবনম বাংলা ও উর্দু চলচ্চিত্রের সোনালী যুগের নায়িকা হিসেবে সমানভাবে পরিচিত এক অভিনয়শিল্পী। ষাট ও সত্তরের দশকে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পরবর্তীতে বাংলাদেশের সিনেমায় অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন।
রোমান্টিক ও সামাজিক ধারার চলচ্চিত্রে তার অভিনয় দর্শকের হৃদয়ে গভীর ছাপ ফেলে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য সফল চলচ্চিত্রে কাজ করে নিজস্ব অভিনয়ভঙ্গি ও পর্দা-উপস্থিতির মাধ্যমে আলাদা অবস্থান তৈরি করেন।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘চকোরী’, ‘চাঁদ অউর চাঁদনী’, ‘দূর দেশ’, ‘দিল দিয়া দর্দ লিয়া’ এবং ‘আঞ্জুমান’। এসব চলচ্চিত্র তাকে উপমহাদেশীয় চলচ্চিত্রের সোনালী যুগে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। সর্বশেষ তার অভিনীত সুপারহিট সিনেমা ‘আম্মাজান’।