জনপ্রিয় টেলিভিশন সিরিজ ব্রেকিং ব্যাড-এ গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
রোববার সংবাদমাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে উল্লেখ করে, সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ জানিয়েছেন, এসপোসিতো ইসলাম ধর্মের ঈমান গ্রহণের জন্য ‘শাহাদাহ’ অর্থাৎ কালিমা শাহাদত পাঠ করেছেন এবং দেশটিতে একটি প্রযোজনার শুটিং চলাকালে প্রোডাকশন টিমের সদস্যদের সঙ্গে একটি মসজিদে নামাজে অংশ নেন।
তুর্কি আল-শেখের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবে অবস্থানকালে ইতিবাচক অভিজ্ঞতা এবং মুসলিমদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাওয়ার পর এসপোসিতো ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।
তিনি আরও জানান, শুটিংয়ের সময় যে আন্তরিকতা, সৌহার্দ্য ও আতিথেয়তা পেয়েছেন, সে বিষয়ে অভিনেতা সন্তোষ প্রকাশ করেছেন।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এসপোসিতোকে প্রোডাকশন টিমের সদস্যদের সঙ্গে একটি মসজিদে নামাজ আদায় করতে দেখা গেছে।
দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে এসপোসিতো চলচ্চিত্র ও টেলিভিশনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বেটার কল সল, দ্য ম্যান্ডালোরিয়ানসহ বিভিন্ন জনপ্রিয় প্রযোজনায় তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
বিশেষ করে ব্রেকিং ব্যাড-এ গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং একাধিক পুরস্কারের জন্য মনোনয়ন পান।
সৌদি গেজেট জানায়, বর্তমানে এসপোসিতো ‘সেভেন ডগস’ নামের একটি প্রযোজনার শুটিংয়ে অংশ নিচ্ছেন। সৌদি আরবের বিনোদন ও চলচ্চিত্র খাত সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবে নির্মিতব্য বড় বাজেটের কয়েকটি প্রকল্পের মধ্যে এটি অন্যতম।