বছরের শুরুতেই নতুন চমক দিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। বড় পর্দায় সক্রিয় হওয়ার পাশাপাশি এবার তিনি নাম লিখিয়েছেন নতুন ওয়েব ফিল্মে। ওয়েব ফিল্মের নাম ‘শিকার’, যা নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মের জন্য।
এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা পলাশ। এছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে রাশেদ মামুন অপু ও বড়দা মিঠুসহ আরও কিছু পরিচিত মুখ।
ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন নির্মাতা কামরুজ্জামান রোমান। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি ভিন্ন ঘরানার গল্প, যেখানে অপু বিশ্বাসকে একদম ভিন্ন চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যে ছবির প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে, শিগগিরই শুরু হবে ক্যামেরার সামনে কাজ।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, ‘শিকার’-এর শুটিং লোকেশন। জানা গেছে, ছবির গুরুত্বপূর্ণ অংশের দৃশ্যধারণ হবে নেপালে। আগামী মার্চ মাসে শুটিং ইউনিট নিয়ে সেখানে যাবেন পরিচালক। প্রাকৃতিক সৌন্দর্য আর ভিন্ন পরিবেশ গল্পে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সবমিলিয়ে অপু বিশ্বাস এখন ব্যস্ত সময় পার করছেন। তার হাতে রয়েছে আরও দুটি সিনেমা—‘সিক্রেট’ ও ‘দুর্বার’। নতুন বছরে দর্শকদের নিয়মিত কাজ উপহার দিতে প্রস্তুত এই তারকা।