টানা তাপপ্রবাহের পর গত সপ্তাহ থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। রোববারও (৩ মে) দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজই নয়, এ সপ্তাহের বাকি দিনগুলোতেও দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হতে পারে।
তবে একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা কম। আর তাতে অন্তত চলতি সপ্তাহে তাপপ্রবাহের সম্ভাবনাও কম। তবে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে দক্ষিণ-পূর্বে ও উত্তর-পূর্বের বৃহত্তর সিলেটে। রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টি অপেক্ষাকৃত কম হতে পারে।
শনিবার রাজধানীসহ দেশের প্রায় সব এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে। বেশি বৃষ্টি হয়েছে বৃহত্তর সিলেটে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১৬২ মিলিমিটার। ঢাকায় এ সময় বৃষ্টি হয়েছে ২৮ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া য়াগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়, এ সময় দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে একটানা বৃষ্টি নাও হতে পারে। বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে সিলেট, মৌলভীবাজার ও হাওর এলাকায়। আর দক্ষিণাঞ্চলেও বৃষ্টি বেশি হতে পারে। তবে রাজশাহী ও রংপুরে বৃষ্টি কম হতে পারে।
এ ছাড়া সকাল সাতটায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরের ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল ছয়টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
এদিকে বৃষ্টির কারণে দেশে তাপমাত্রা কমে এসেছে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে, ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, ও সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ১৯ ডিগ্রি সেলসিয়াস।