চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। শনিবার (১১ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত আবহাওয়ার এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছিল।
চট্টগ্রামসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাত গত কয়েক দিনের তুলনায় প্রায় অর্ধেকে নেমেছে। বৃষ্টি আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে আবহাওয়া অফিসে ব্রিফিংয়ে এ কথা জানান আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ।
তিনি বলেছিলেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় শিগগিরই তুলে নেওয়া হবে সতর্কতা সংকেতও। তবে দেশের উত্তরাঞ্চলের চিত্র ভিন্ন। তিনি জানান, আগামী ২ থেকে ৩ দিনে রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী অঞ্চলে ভারি বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামের আমবাগানে ১০৬ মিলিমিটার। এ ছাড়া যশোরে ৮৯, বান্দরবানে ৮০, রাঙামাটিতে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।