দেশের ছয় বিভাগে সোমবার ১১টা থেকে পরের ২৪ ঘণ্টার জন্য ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, সেগুলো হলো রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় ঢাকা মহানগরে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
এর আগে, গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় রাজধানীতে, ১৭৫ মিলিমিটার। বৃষ্টি হয় দেশের প্রতিটি এলাকায়।
সোমবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয় কুমিল্লায়, ১০৭ মিলিমিটার। রাজধানীতে এ সময় বৃষ্টি হয় ১৩ মিলিমিটার। এ ছাড়া বগুড়ায় ৩৫, সিলেটে ৩২, ময়মনসিংহে ২৩, নওগাঁয় ১৮ ও রংপুরে ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় এ সময়।