পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েক দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও সকালেই দেখা মিলছে সূর্যের। তবে রাত থেকে পরদিন সকাল পর্যন্ত থাকছে ঠান্ডা বাতাসের সঙ্গে ঘন কুয়াশা। এতে সাধারণ মানুষদের পাশাপাশি বিপাকে পড়েছে জেলার নিম্ন আয়ের মানুষ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ। আর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
সোমবার (১২ জানুয়ারি) ৮ দশমিক ৪ ডিগ্রি, রোববার (১১ জানুয়ারি) ৭ দশমিক ৩ ডিগ্রি, শনিবার (১০ জানুয়ারি) ৮ দশমিক ৩ ডিগ্রি এবং শুক্রবার (৯ জানুয়ারি) ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কখনো মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও, কখনো জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ (মঙ্গলবার) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা করছে।
তিনি আরও বলেন, রাতে তুষারসহ কুয়াশায় ঢাকা পড়ে পুরো এলাকা। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।