রাজধানী ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় পরিষ্কার আকাশ বিরাজ করতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকায় আকাশ পরিষ্কার থাকবে। এ সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে উত্তর-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসের তথ্যানুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৭০ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.০ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝার ধরনের কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।