গত ২৪ ঘণ্টায় দেশে হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ১২৮২ শিশু। তবে এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের এবং আক্রান্ত হয়েছে ১৮০ জন। সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে ৫ হাজার ৯৪০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ১ হাজার ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে ১১৮ জন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২০ জনের। এ সময়ে সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৫২ জন শিশু। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬১১ জন।
মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকা বিভাগের।