গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম ও এর উপসর্গে সাত জনের মৃত্যু হয়েছে। একইসময়ে দেশে হাম ও এর উপসর্গে ১ হাজার ৬৩১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। যা চলতি বছরে একদিনে হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক রোগী।
বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৪২৩ শিশু এবং গত ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯ শিশু।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০৮ শিশু, গত ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ২৭৫ শিশু। এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৪০৭ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ৩৩৬ শিশু।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার শিশুর মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪০৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে তিন শিশুর মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৩ শিশুর মৃত্যু হয়েছে।
এর আগে, গত ২৬ এপ্রিল, এক দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিল। এদিন দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৫৬৪ শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।