বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের মেডিসিন গবেষক ও ন্যাচারোপ্যাথিক চিকিৎসক অধ্যাপক ড. মজিবুল হক যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির হেলথ সায়েন্স (ইন্টিগ্রেটিভ মেডিসিন) বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন। সম্প্রতি তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে স্বাগত জানায়।
নতুন দায়িত্ব প্রসঙ্গে ড. মজিবুল হক জানান, শিক্ষা ও মেডিসিন নিয়ে গবেষণা ও মানবকল্যাণে আরও বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ হিসেবে এই দায়িত্বকে দেখছেন তিনি। ইন্টিগ্রেটিভ মেডিসিন বিষয়ে দীর্ঘদিনের গবেষণা ও ক্লিনিক্যাল অভিজ্ঞতার আলোকে তিনি চিকিৎসকদের প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যেতে চান।
ড. মজিবুলের জন্ম ফেনী জেলায়। তার শিক্ষাজীবনের শুরুও দেশেই। উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে ১৯৯৯ সালে অর্গানিক কেমিস্ট্রিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ইউনিভার্সিটি অব উইসকনসিন–মিলওয়াকি থেকে বায়ো-অর্গানিক (মেডিসিনাল) কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিকেল ব্রাঞ্চে ড্রাগ ডিসকভারি গবেষণার ওপর পোস্ট-ডক্টরেট সম্পন্ন করেন। এছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড মেডিকেল স্কুলের বিভিন্ন শিক্ষা কার্যক্রমে পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন।
মেডিসিন নিয়ে গবেষণার পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্যবিষয়ক অভিজ্ঞতা থেকে ইন্টিগ্রেটিভ ও ন্যাচারোপ্যাথিক চিকিৎসাব্যবস্থার প্রতি তার আগ্রহ তৈরি হয়। পরে তিনি এ বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ‘ডক্টর অব ন্যাচারোপ্যাথি’ ডিগ্রি সম্পন্ন করেন এবং ফাংশনাল মেডিসিন ও ইন্টিগ্রেটিভ মেডিসিনের ওপরে সার্টিফিকেট অর্জন করেন।
ড. মজিবুল হক ২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ইউনিভার্সিটি অব উইসকনসিন, হিউস্টন কমিউনিটি কলেজ এবং হিউস্টন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়িয়েছেন। বর্তমানে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অধ্যাপনার পাশাপাশি তিনি একটি বায়োমেডিক্যাল গবেষণা প্রতিষ্ঠানে ক্লিনিক্যাল রিসার্চ ম্যানেজার এবং দ্য সেন্টার অব ইন্টিগ্রেটিভ মেডিসিন প্রতিষ্ঠানে কনসাল্টেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে ড. মজিবুল টেক্সাসে স্থায়ীভাবে বসবাস করছেন। ২০১৯ সালে তিনি বাংলাদেশে ‘আমেরিকান ওয়েলনেস সেন্টার’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি পুষ্টি, জীবনযাপনভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা এবং সমন্বিত চিকৎসাসেবা ও পরামর্শ দিয়ে থাকে। তার গবেষণাকর্ম বিভিন্ন আন্তর্জাতিক গবেষণামূলক মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে এবং তিনি পৃথিবীর বিভিন্ন দেশে স্বাস্থ্যবিষয়ক সেমিনার এবং ক্লিনিক্যাল সার্ভিস প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে থাকেন।
ড. মজিবুল হক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত স্বাস্থ্যবিষয়ক ভিডিও ও আলোচনা প্রকাশ করছেন। বর্তমানে তার অনুসারীর সংখ্যা কয়েক মিলিয়নেরও বেশি।
তার গবেষণা, বই, লেকচার এবং স্বাস্থ্যবিষয়ক গাইডলাইন উন্মুক্তভাবে www.drhaque.net ওয়েবসাইটে পাওয়া যায়।