সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও চার শিশু মারা গেছে। রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৬০ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু ৯২ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬৫২।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা যায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও এক হাজার ৫২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা যাওয়া রোগীর সংখ্যা ৮৫ হাজার ৯৫১।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৭৫। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১০ হাজার ৩২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ হাজার ৫৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৬ হাজার ৮৪১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। তবে হামের উপসর্গে চার শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।