গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪। সোমবার সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে এক শিশুর। এ সময় ১ হাজার ৬ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১৩৬।
গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬৫৭ শিশু।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ১১৩ জন ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১২ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের।