২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানির পরের তারিখ ৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এক আদেশে এই দিন ধার্য করেন।
রোববার কারাগারে থাকা নয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাবেক চিফ রিপোর্টার ফারজানা রুপা ও সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল মন্ডল।
শুনানির পরের তারিখে সাবেক দুই মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও হাসানুল হক ইনুকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
হেফাজতে ইসলামের ওই সমাবেশকে কেন্দ্র করে ঢাকার মতিঝিলের শাপলা চত্বর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৫৭ জনকে হত্যার অভিযোগে ২৭ জুলাই মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ৪১ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।